বেনাপোল স্থলবন্দরে ২৮ লাখ টন পণ্য আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১২ ১৪:১১:২০


চলমান মহামারি পরিস্থিতিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে পণ্য আমদানির পরিমাণ বেড়েছে।এই বন্দরে গেল ২০২০-২১ অর্থবছরে ২৭ লাখ ৭৭ হাজার ৬০৬ টন পণ্য আমদানি হয়েছে। যেখানে এর আগের অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ২০ লাখ ৩৮ হাজার ৬৪ টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ৭ লাখ টনেরও বেশি।    বেনাপোল কাস্টম অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশে স্থলপথে আমদানির বড় অংশই আসে বেনাপোল দিয়ে। কয়েক বছর ধরেই বন্দরটি দিয়ে আমদানির পরিমাণ বাড়ছে। বেনাপোল কাস্টম হাউজের তথ্য বলছে, ২০১৩-১৪ অর্থবছরে বন্দরটি দিয়ে পণ্য আমদানির পরিমাণ ছিল ১২ লাখ ৭১ হাজার ২৪ টন। পরে ২০১৪-১৫ অর্থবছরে আমদানি হয়েছে ১৩ লাখ ৫৪ হাজার ৯৪২ টন, ২০১৫-১৬ অর্থবছরে ১২ লাখ ৮৩ হাজার ৮৭৫, ২০১৬-১৭ অর্থবছরে ১৫ লাখ ১৯ হাজার ২২০, ২০১৭-১৮ অর্থবছরে ১৯ লাখ ৮৮ হাজার ৩৯৭ ও ২০১৮-১৯ অর্থবছরে আমদানি করা হয় ২০ লাখ ১১ হাজার ৬ টন পণ্য।

তবে বেনাপোল দিয়ে পণ্য আমদানির পরিমাণ বাড়লেও কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না।  শুল্কযুক্ত পণ্য আমদানি কমে যাওয়া এর অন্যতম কারণ হিসেবে দেখছেন কাস্টমস কর্মকর্তারা। সর্বশেষ ২০২০-২১ বছরটিতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা। এর আগে ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল কাস্টমসের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহসভাপতি আমিনুল হক জানান, দিন দিন আমদানি পণ্যের ওপর অযৌক্তিক হারে শুল্ককর বাড়ছে। শুল্কহার স্বাভাবিক পর্যায়ে রাখা হলে বৈধ পথে আমদানি বাড়বে। এতে রাজস্ব আয়ও বাড়বে।

সানবিডি/এনজে