চার হাজার ৮০৬ কোটি টাকার বাজেট পাস ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১২ ২০:০৪:৩৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ডিএনসিসির ২য় পরিষদের ৭ম করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এই বাজেট পাস হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
সভায় ডিএনসিসি মেয়র প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে ২০২১-২২ অর্থবছরের ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট উত্থাপনপূর্বক পাসের আহ্বান জানালে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।
আতিকুল ইসলাম বলেন, বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে একটি সময়োপযোগী ও চমৎকার বাজেট উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এসময় ডিএনসিসি মেয়র বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনার সঙ্গে লড়াই করছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম জুম প্লাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে। এছাড়াও তিনি ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির বিভাগীয় প্রধান এবং কাউন্সিলররা সংযুক্ত ছিলেন।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














