রফতানিমুখী শিল্প-কারখানা খোলা রাখার পক্ষে শিল্পোদ্যোক্তারা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৫ ১৪:২৫:১৯
মহামারি করোনার প্রকোপ রোধে আগামী ২৩ জুলাই থেকে পরবর্তী ১৪ দিন সব ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে বর্তমান বিধিনিষেধ চলাকালে যেভাবে শিল্প-কারখানা খোলা ছিল, ঈদের পরও তেমনভাবে কাজ চালিয়ে যেতে চান রফতানিমুখী শিল্পোদ্যোক্তারা। তারা মনে করছেন, সরকারের সিদ্ধান্তে রফতানিমুখী শিল্প খাতে গভীর সংকট তৈরি হবে। তাই আগামী কঠোর লকডাউনেও রফতানিমুখী শিল্প-কারখানাগুলো খোলা রাখার বিষয়টি বিবেচনা করার দাবি জানিয়েছেন তারা।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান বিধিনিষেধ আজ থেকে আটদিনের জন্য শিথিল করা হয়েছে। তবে ঈদের ছুটির পরদিন থেকেই ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার, যা শুরু হবে ২৩ জুলাই সকাল ৬টায়, চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। কঠোর বিধিনিষেধের ক্ষেত্রে ২৩টি শর্ত দেয়া হয়েছে। সেখানে বলা হয়, সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও।
সরকারের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে শিল্প মালিকরা বলছেন, এক-দেড় বছর ধরে ক্ষতির মুখেই ক্রয়াদেশ নিয়ে টিকে থাকার চেষ্টা করছিলেন তারা। দীর্ঘ সংকটাপন্ন পরিস্থিতি কাটিয়ে মূলত চলতি মাসেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের রফতানিমুখী পোশাক খাত। ক্রয়াদেশের দরকষাকষিতেও সুবিধাজনক একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। এ মুহূর্তে কারখানা বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্রেতার কাছ থেকে ক্রয়াদেশ হাতছাড়া হয়ে যাবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














