রাজধানীর ১৯ হাটে পশু বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৭ ১১:২৩:৪৭
ঢাকার দুই সিটি করপোরেশনের ১৯টি অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে হাটগুলোতে চলছে বেচাকেনা। যদিও এর আগেই ইজারার শর্ত ভেঙে বিভিন্ন হাটে পশু বিক্রি শুরু হয়।
আগেই বেচাকেনা শুরুর বিষয়ে বিক্রেতারা বলেছেন, ছুটির দিন (শুক্রবার) হওয়ায় সবাই পশু দেখতে হাটে ভিড় জমিয়েছে; কিন্তু বেচাকেনা হয়নি। যদিও কয়েকজন ক্রেতা জানিয়েছেন, ঝামেলা এড়াতে এবং ভালো গরু পেতে হাট শুরু হওয়ার আগেই তাঁরা সেরে ফেলেছেন পশু কেনার কাজটি।
গতকাল শুক্রবার ছিল রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি সম্পন্ন করার শেষ দিন। দেখা যায়, এরই মধ্যে বেশির ভাগ হাটের প্রস্তুতির কাজ সেরে ফেলেছেন ইজারাদাররা। পশু বেঁধে রাখার জন্য বাঁশের কাঠামো নির্মাণ, হাটের নিচু জায়গাগুলোতে বালু ফেলা, জীবাণুনাশক টানেল বসানো, হাসিল বুথ, হাট মনিটরিং কমিটি সেন্টারসহ সব কাজ শেষ। কিছু হাটের ইজারাদাররা পশু বেঁধে রাখার বাঁশের কাঠামো নির্মাণের কাজ কিছুটা বাকি রেখেছেন। হাটে আরো কী পরিমাণ নতুন গরু আসবে, সেটা না বুঝে এখনই বাকি কাজ সারতে চান না তাঁরা।
১৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাটের সংখ্যা ১০। এ ছাড়া সারুলিয়ায় ডিএসসিসির একটি স্থায়ী হাট রয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রয়েছে ৯টি হাট। পাশাপাশি গাবতলীতে রয়েছে সংস্থাটির একটি স্থায়ী হাট। গতকাল গাবতলীর হাটে গিয়ে দেখা যায়, কোরবানি উপলক্ষে হাটটিতে পশু বিক্রি শুরু হয়েছে বেশ জোরেশোরেই। সারা বছর হাটটি চালু থাকলেও কোরবানির সময়ই হাটের মূল বেচাকেনা হয়। গতকাল এই হাট থেকে এক লাখ ২০ হাজার টাকায় গরু কিনেছেন কল্যাণপুরের বাসিন্দা রাসেল ইবনে কামাল। তিনি বলেন, ‘পরে হাটে ভিড় আরো বাড়ব। তাই আগেই কিনা নিলাম। করোনার মধ্যে ভিড়ের হাটে না আসাই ভালো।’
হাটটিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














