বগুড়ায় দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিক গ্রেফতার, বিএমএসএফের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৪:৪৩:৩৬


বগুড়ার স্থানীয় পরিবার পরিকল্পনা বিভাগের দূর্ণীতির চিত্র তুলে ধরায় গতরাত (রোববার) ৩ টায় দৈনিক বানিজ্য প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি তরুন সাংবাদিক আকতারুজ্জামানকে আটক করেছে পুলিশ। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

জানা যায়, পরিবার পরিকল্পনা বিভাগের দুর্নীতিগ্রস্থ সংশ্লিষ্ট ডা. সামির হোসেন মিশু গভীর রাতে পুলিশের সাথে তাকে আটক অভিযানে অংশ নেন। খবরটি নিশ্চিত করেন সাংবাদিক আকতারুজ্জামানের পিতা।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, যেখানে দুর্নীতির সাথে জড়িতদের গ্রেফতার করা উচিত ছিলো উল্টো সংবাদ প্রচারকারী সাংবাদিককে গ্রেফতার করা হলো।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অতি উৎসাহী পুলিশের দৃষ্টি আকর্ষন করে বলা হয়, প্লিজ আপনারা তদন্তে সত্যতা ছাড়া কোন সাংবাদিককে আর গ্রেফতার করবেন না। আপনারা পুলিশ তাই বলে কি ঘটনার সত্য মিথ্যা যাচাই করবেন না? দেশে বহু ওয়ারেন্টের আসামী, অপরাধী কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনারা খুজে পান না; সাংবাদিকদের খুজে পান কেন? তারা দূর্বল বলে দৌড়াতে পারেনা, তাই!

বগুড়ার স্থানীয় সাংবাদিক নেতারা জানিয়েছে, পরিবার পরিকল্পনা বিভাগের একটি প্রকল্পের সুবিধাভোগীদের টাকা আত্মসাৎ করায় ভুক্তভোগিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিক আকতারুজ্জামান সেই খবর কাভারেজ করায় তার ওপর খড়গ নেমে আসে। বিএমএসএফের পক্ষ থেকে সাংবাদিক আকতারুজ্জামানের সাথে এরুপ অমানবিক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য বগুড়ার সাংবাদিক, পুলিশসহ পরিবার পরিকল্পনা বিভাগের উর্ধবতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

সানবিডি/আরএইচ