ঢাকায় পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-২৪ ১৬:৩৯:০৯


টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৩টার পর টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে টিকাগু‌লো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে আস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছেছে।’

এছাড়া আগামী শুক্রবার প্রায় ৫ লাখসহ মোট ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান সরকার দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সর্বপ্রথম ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাদান গত ২৭ জানুয়ারি শুরু হয়। ইতিমধ্যে ৫৮ লাখের বেশি মানুষ প্রথম ডোজ এবং ৪৯ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে।

টিকার মজুত শেষ হয়ে আসায় প্রথম ডোজ নিয়েছিলেন এমন কয়েক লাখ মানুষ দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন। জাপান সরকারের উপহার দেয়া এসব টিকা অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা।

সানবিডি/এএ