রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট, যানবাহনের চাপও কম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-২৫ ১০:১৩:১৫
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে আজ। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কম। শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে আগের মতোই। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
নিত্যপণ্যের দোকান ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রয়েছে। বেশ কিছু সড়কের পাশি গলিতে কাঁচা বাজার বসানো হয়েছে। প্রধান সড়কে মানুষের দেখা না পাওয়া গেলেও পাড়া মহল্লায় কিছু কিছু গলিতে জটলা দেখা গেছে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বিধিনিষেধ কঠোরভাবেই পালিত হচ্ছে। ঠুনকো অজুহাত দেখিয়ে ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা কম দেখা যাচ্ছে।
অযথা ঘরের বাইরে বের হওয়ায় শনিবার ঢাকায় ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ভ্রাম্যমাণ আদালত ১৩৭ জনকে মোট ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেছেন। ট্রাফিক বিভাগ ৪৪১টি যানকে মোট ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে।
এদিকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করে র্যাব। এ সময় টহল দেয় র্যাবের ১৮০টি দল। জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি র্যাবের ২৭টি ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করায় ২১২ জনকে এক লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














