ঈদযাত্রা: সড়কে ঝরল ২৯৫ প্রাণ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-৩০ ১৬:০৪:৩৯
ঈদুল আজহার আগে-পরে ১৫ দিনে (১৪-২৮ জুলাই) দেশে সড়ক, রেল ও নৌপথে ২৬২টি দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৪৮৮ জন।
শুক্রবার (৩০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে করোনা সংক্রমণ ঠেকাতে আরোপিত বিধিনিষেধ ঈদ উপলক্ষে ১৫ জুলাই থেকে শিথিল করা হয়। এ সময় ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা এবং ঈদ পরবর্তী সময়ে ২৯ জুলাই পর্যন্ত সারাদেশে ২৯৫ জন নিহত এবং ৪৪৭ জন আহত হন।
এসব দুর্ঘটনার মধ্যে রেলপথে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন, নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন, আরও ২১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে গত ২৩ জুলাই থেকে আবারও কঠোর পরবর্তী বিধিনিষেধ শুরু হওয়ার পর থেকে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমতে শুরু করেছে।
সংগঠনটি জানিয়েছে, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ঈদে মোট ৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নয়জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬.২৫ শতাংশ।
এ সময় সড়কে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন চালক, ১৯ জন পরিবহন শ্রমিক, ৬৪ জন পথচারী, ৩৮ জন নারী, ৩১ জন শিশু, ১২ জন শিক্ষার্থী, তিনজন সাংবাদিক, পাঁচজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ১২ জন শিক্ষক, ছয়জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং একজন প্রকৌশলীর পরিচয় মিলেছে। এর মধ্যে নিহত হয়েছেন দুইজন পুলিশ সদস্য, একজন সেনাবাহিনীর সদস্য, একজন বিজিবি, ২৭ জন নারী, ১৭ শিশু, নয়জন শিক্ষার্থী, নয়জন শিক্ষক, ৮৭ জন চালক, ১৬ জন পরিবহন শ্রমিক, ৫৩ জন পথচারী, তিনজন রাজনৈতিক দলের নেতাকর্মী।
প্রতিবেদনের বিষয়ে সংগঠনের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিগত ঈদগুলোতে সরকারের নানামহলের তৎপরতা থাকায় দুর্ঘটনার লাগাম কিছুটা টেনে ধরা সক্ষম হলেও কঠোর লকডাউনের কারণে মানুষের যাতায়াত সীমিত থাকার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এবারের ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি তুলনামূলকভাবে বেড়েছে।
তিনি বলেন, সরকার সড়কের অবকাঠামোর উন্নয়নে যতটা মনোযোগী সড়ক নিরাপত্তায় ততটা উদাসীন। বিগত এক যুগে ধারাবাহিকভাবে সড়ক নিরাপত্তায় নানা প্রতিশ্রুতি নানা বক্তব্য, নানা আশ্বাস, নানা উদ্যোগ নেওয়া হলেও কোনোকিছুই বাস্তবায়নে আলোর মুখ দেখে না। এরই মধ্যে বাস্তবায়নের আগেই সড়ক আইন আরও দুর্বল করার ষড়যন্ত্র চলছে। ফলে সড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














