মহামারিতেও হিলিতে ২৩০ কোটি টাকার পণ্য রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-৩১ ১৪:৪৮:৩২


দেশে মহামারি করোনার প্রকোপের মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর পণ্য রফতানির পরিমাণ বেড়েছে। ২০২০-২১ অর্থবছরে বন্দরটি ব্যবহার করে ২ কোটি ৭২ লাখ ডলার বা ২৩০ কোটি ৬৫ লাখ টাকা (ডলারপ্রতি ৮৪ টাকা ৮০ পয়সা ধরে) মূল্যের বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়েছে। যা ২০২৯-২০ অর্থবছরের তুলনায় ১ কোটি ৩১ লাখ ডলার বেশি। বন্দর ব্যবহার করে ভারতে আরো কিছু পণ্য রফতানির সম্ভাবনা থাকলেও ভারতের অভ্যন্তরে কিছু জটিলতা থাকায় সেটি সম্ভব হচ্ছে না বলে দাবি করছেন রফতানিকারকরা।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতে ব্যাপক পরিমাণে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতে কর্টন র‍্যাগস (এক ধরনের সুতা), রাইস ব্র্যান অয়েল (তুষের তেল), ওয়াটার পাম্প (পানির পাম্প) রফতানি হয়। ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে ৩ হাজার ৪০০ পিস পানির পাম্প, ২৮৫ টন কর্টন র‍্যাগস, ২৬ হাজার ৪৬৫ টন রাইস ব্র্যান অয়েল রফতানি হয়েছে। এসব পণ্য রফতানিতে আয় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৪১ হাজার ডলার। ২০১৯-২০ অর্থবছরে বন্দর ব্যবহার করে ৬০০ পানির পাম্প, ১১৯ টন কর্টন র‍্যাগস, ১৯ হাজার ৬৭০ টন রাইস ব্র্যান অয়েল, চার টন পানির পাম্পের বিভিন্ন পার্টস রফতানি হয়েছিল। যা থেকে ১ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার ডলার আয় হয়েছিল।

সানবিডি/এনজে