ঢাকায় পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-৩১ ১৬:০০:৩৮


জাপানের স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে নিপ্পন এয়ারওয়েজের একটি বিমান। শনিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৩টায় বিমানটি ঢাকায় পৌঁছায়। এর ফলে কোভ্যাক্সের অধীনে দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছল।

এই নিয়ে জাপানের কাছ থেকে ১০ লাখেরও বেশি ডোজ টিকা পেল বাংলাদেশ। কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে টিকার চালানটি গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এই টিকা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে দেশে টিকার আর কোনো সংকট থাকবে না। এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।

কোভ্যাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে এই টিকা পেল বাংলাদেশ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জাপান কয়েক ধাপে ২.৯ মিলিয়ন ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠাবে।

সানবিডি/আরএইচ