ভারত থেকে চতুর্থ ধাপে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৮-০২ ১৮:৫৮:০৫
চতুর্থ দিনের মতো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। এর আগে ২০০ মেট্রিক টন করে ২৪, ২৮ ও ৩০ জুলাই ৬০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে এসেছিল তিনটি ট্রেন। এ নিয়ে চার দিনে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এসেছে।
রবিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অক্সিজেনবাহী ট্রেন বেনাপোলে পৌঁছায়।
ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী চতুর্থ ট্রেনটি টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায় ট্রেনটি।
কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকাল সাড়ে ৩টায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার একই পথে ভারতে ফিরবে।
জানা গেছে, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক লিন্ডে ইন্ডিয়া। অক্সিজেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














