স্কুল খুললেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৯:৪৫:০১


আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনা করছে সরকার। করোনা পরিস্থিতি নতুন করে বৃদ্ধি না পেলে ধাপে ধাপে স্কুল-কলেজ খোলা হতে পারে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন পরীক্ষার প্রবেশপত্র তৈরির কাজ শুরু করা হবে জানা গেছে।

সোমবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করেও পরীক্ষা আয়োজন সম্ভব হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

একই কথা বললেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমও।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তবে নিয়োগসংক্রান্ত টেকনিক্যাল কাজ অনেকটা শেষ করেছি। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শেষ।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। বাকিগুলো শুন্যপদে নিয়োগ দেয়া হবে। এই নিয়োগে ১৩ লাখ ৫ হাজারের বেশি আবেদন জামা হয়েছে।

এএ