জামালপুরে ১৫১১ কোটি টাকায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১০ ১৪:২৬:২০
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জামালপুরের মাদারগঞ্জে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনা করছে সরকার। ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন শেখ হাসিনা সোলার পার্কটি নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। ২০২৩ সালের মধ্যে এ সোলার পার্ক তৈরি করবে সংস্থাটি। এরই মধ্যে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
এ ব্যাপারে আরপিসিএল সূত্রে জানা গেছে, ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ৩২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এরই মধ্যে সেখানে সম্ভাব্যতা সমীক্ষা শেষ করেছে আরপিসিএল। ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটের (এলওসি-৩) আওতায় প্রকল্পে সিংহভাগ অর্থায়ন করছে প্রতিবেশী দেশ ভারত।
খসড়া প্রস্তাব থেকে জানা গেছে, ১০০ মেগাওয়াট সক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি মূলত শেখ হাসিনা সোলার পার্ক হিসেবে নামকরণ করা হয়েছে। পুরো প্রকল্পটিতে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ হাজার ৫১১ কোটি ৭৯ লাখ টাকা। এলওসি-৩-এর আওতায় সোলার প্রকল্পে ভারত ১ হাজার ১১৫ কোটি ৬২ লাখ টাকা অর্থায়ন করছে। বাকি ৩১৯ কোটি ৪০ লাখ টাকা সরকারি অর্থায়ন ও ৭৬ কোটি টাকা আরপিসিএলের।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














