বুধবার খোলা জবি, চলবে অনলাইন শিক্ষা কার্যক্রম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১০ ১৬:৪১:৫০


লকডাউনে দীর্ঘ দিন বন্ধের পর স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১১ আগস্ট) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দপ্তরগুলো খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ সময়ে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইন কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।

এসময় সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম যথারীতি চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ ও লকডাউনের কারণে দফায় দফায় ছুটি বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। সর্বশেষ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজকর্ম ভার্চুয়ালি পরিচালিত হয়েছে।

এএ