জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১০ ১৮:৩৮:৪৭


গত জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশে। যা জুন মাসে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। মঙ্গলবার (১০ আগস্ট) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, গত জুনের বিধিনিষেধে নিত্যপণ্য পরিবহনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। ফলে জুনে সব খাতেই মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী ছিল। জুনের পরিবর্তে জুলাইয়ে সবকিছুর দাম স্বাভাবিক থাকায় মূল্যস্ফীতি কমেছে। অন্যান্য মাসে মূল্যস্ফীতির এক খাতে কমলে আরেক খাতে বাড়ে। কিন্তু জুলাইয়ে সব খাতেই মূল্যস্ফীতি কমেছে।

তিনি বলেন, জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৬ শতাংশ, যা গত জুনে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। খাদ্যে জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ, যা জুনে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ, যা জুন মাসে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ।

বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, জুলাই মাসে খাদ্যবহির্ভূত ও খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। প্রসাধনসামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার কমার ফলে সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

এএ