অটোমোবাইল-জাহাজ-ফুড প্রসেসিংয়ে জাপানি বিনিয়োগের আহ্বান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৬:৪০:৫৩
রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিল্পায়ন ত্বরান্বিত করতে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সেই সঙ্গে অটোমোবাইল, চিনি, এগ্রো ফুড প্রসেসিং এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প সম্প্রসারণে আরও বেশি জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী।
বুধবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) শেখ ফয়েজুল আমীন, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ ও জাপান দূতাবাসের হেড অব ইকোনমিক ডিপার্টমেন্টের প্রথম সচিব হারুতা হিরোকি এ সময় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের সম্পর্ক দীর্ঘদিনের। জাপান সরকার ইতোমধ্যে বাংলাদেশে অটোমোবাইল ও সার কারখানা স্থাপনে বিনিয়োগের আশ্বাস দিয়েছে। অন্যান্য সম্ভাব্য শিল্পে আরও বিনিয়োগ চাচ্ছি।
তিনি বলেন, সুদীর্ঘ সময় ধরে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশ একে অপরের সঙ্গে কাজ করছে। পারস্পরিক সহযোগিতার এ ক্ষেত্রসমূহ আগামীতে আরও বিস্তৃত হবে।
বর্তমানে বাংলাদেশে শিল্প-কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যসহ বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে সব প্রকার সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে শিল্পপ্রযুক্তি সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে।
আলোচনায় সিরাজগঞ্জের নতুন সার কারখানা এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং ও রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে জাপান সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হলে জাপানের রাষ্ট্রদূত তার সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় জাপানের মিতসুবিশি মোটরস কোম্পানি লিমিটেড বাংলাদেশে একটি গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে ফিজিবিলিটি স্ট্যাডির সমঝোতা স্মারক স্বাক্ষর চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানানো হলে জাপানের রাষ্ট্রদূত এতে সন্তোষ প্রকাশ করেন। এ মাসের মধ্যে ফিজিবিলিটি স্ট্যাডির (সম্ভাব্যতা সমীক্ষকরণ) সমঝোতা স্মারক হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
এদিকে করোনা মহামারির মধ্যেও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) সার উৎপাদন চলমান এবং সারাদেশে সার সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানানো হয়। এছাড়া সারাদেশের সার সংরক্ষণ ও সরবরাহের লক্ষ্যে বাফার গোডাউন নির্মাণের বিষয়টি আলোচনা সভায় অবহিত করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














