এসএসসি-এইচএসসির ব্যবহারিক পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৮:৪৮:৩৯
এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দেওয়া সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (১৮ আগস্ট) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিকট এ নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনা অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে।
যেহেতু করোনা পরিতির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিকের খাতা (নোট বুক) জমা নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এইচএসসি পরীক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
তবে, ইতোমধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে দুটির বেশি ব্যাবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে তাহলেও শিক্ষার্থী ওইসব ব্যবহারিক খাতা বা নোট বুক জমা দিতে পারবে।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













