শীর্ষ দুই তুর্কি কর্মকর্তার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২০ ১৩:১৬:৫৪


তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে সেনাপ্রধান তুরস্ক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে বলে জানান। এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১ পরিদর্শন উপলক্ষে তুরস্কে তার সরকারি সফরের মাধ্যমে দুদেশের সামরিক বাহিনী ও বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি তাকে ও তার প্রতিনিধি দলকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী উভয়কেই ধন্যবাদ জানান।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনাদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রেও সেদেশের পক্ষ থেকে বাংলাদেশকে অধিকতর সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির আশ্বাস দেন যে, তিনি তার সংস্থা এসএসবির পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে চলমান বিষয়গুলো খতিয়ে দেখবেন। এছাড়াও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন, যাতে করে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর হয়।

আরএইচ