রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পশ্চিম ভ্যাট কমিশনারেট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২১ ১৮:৫৮:৫৩
করোনাভাইরাস অতিমারির কারণে সেবাখাতসহ আরও কয়েকটি খাতে ব্যবসা-বাণিজ্য শ্লথ থাকলেও গত ২০২০-২১ অর্থবছরে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। লক্ষ্যমাত্রা অতিক্রমের পাশপাশি বড় আকারের প্রবৃদ্ধি অর্জনেও সক্ষম হয়েছে।
৩ হাজার ২০১ কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে পশ্চিম ভ্যাট কমিশনারেট আয় করেছে ৩ হাজার ২৭৪ কোটি ৮২ লাখ টাকার রাজস্ব। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ৩১ শতাংশ বেশি। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের তুলনায় আলোচ্য বছরে ১৬ দশমিক ২ শতাংশ বেশি রাজস্ব এসেছে। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৮২২ কোটি ৬৭ লাখ টাকা।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা পশ্চিম) কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বলেন,‘ কোভিড অতিমারির কারণে এবার বাণিজ্য মেলা হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পুরো বছরজুড়ে বন্ধ ছিল। সেবাখাতের ব্যবসা-বাণিজ্যে বিরাজ করছে শ্লথ ধারা। এই পরিস্থিতিতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেটা আমরা করতে পেরেছি, যা বড় সাফল্য বলে মনে করি।’
তিনি বলেন, কোভিড অতিমারির পরিস্থিতিতেও ব্যবসায়ীরা শিল্প-কারখানা সচল রেখেছেন। বিশেষ করে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কল-কারখানা সচল থাকায সেখান থেকে ভাল রাজস্ব পাওয়া গেছে। তিনি বলেন, শিল্পাঞ্চল থেকে উৎপাদনশীলখাতে রাজস্ব আয় বাড়ানোর যে সুযোগ রয়েছে,সেটাকে এবার অনেকটাই কাজে লাগানো গেছে। যার ফলশ্রুতিতে লক্ষ্যমাত্রা অর্জণের পাশাপাশি রাজস্ব আহরনে ভাল প্রবৃদ্ধি এসেছে বলে তিনি উল্লেখ করেন।
কমিশনার জানান, গত ২০২০-২১ অর্থবছরে বেশিরভাগ রাজস্ব এসেছে ম্যানুফেকচারিং বা উৎপাদনশীল খাত থেকে। তিনি বলেন, ‘ভ্যাট ফাঁকি কমাতে পুরো বছরজুড়ে আমরা সতর্ক ছিলাম। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাংকে যে নিরীক্ষা প্রতিবেদন দাখিল করে, আমরা সেটা ধরে ধরে এবার ভ্যাট ফাঁকি কমাতে চেস্টা করেছি। এ কারণে উৎপাদনশীলখাতে রাজস্ব আয় ২৫ শতাংশ বেড়ে গেছে।’
তিনি বলেন, পশ্চিম কমিশনারেটের উৎসে করের বড় অংশ আসে-বিভিন্ন সরকারি প্রকল্প থেকে। কোভিডের কারণে সব ধরনের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। যে কারণে গত অর্থবছর উৎসে কর আয় কম ছিল। নতুবা আরও বেশি রাজস্ব আহরণ করা যেতো বলে তিনি দাবি করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














