সুতার দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করলো বিটিএমএ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৩ ১৬:৪১:০০


বৈশ্বিক ‍বাজারে তুলার দাম বাড়তে থাকায় দেশে বাড়ছে তুলাজাত সুতার দাম।পণ্যটির দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন পোশাকসহ টেরিটাওয়েল রফতানি খাতের উদ্যোক্তারা। এ প্রেক্ষাপটে বহুল ব্যবহূত সুতার দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছেন সংশ্লিষ্টরা। সুতা উৎপাদনকারী শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সূত্র বলছে, ৩০ কাউন্টের সুতার দামের সর্বোচ্চ সীমা কেজিপ্রতি ৪ ডলার ২০ সেন্ট।

এ ব্যাপারে বিটিএমএ জানিয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে তুলার মূল্য ছিল প্রতি কেজিতে ১ দশমিক ৬৫ মার্কিন ডলার, যা এই আগস্টে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২ দশমিক ৪৩ ডলার। অর্থাৎ এক্ষেত্রে তুলার মূল্য বেড়েছে ৪৭ শতাংশ। এদিকে দেশে তুলাজাত সুতার মূল্য গত বছর ডিসেম্বরে ছিল প্রতি কেজিতে ৩ দশমিক ১০ মার্কিন ডলার। চলমান আগস্টে প্রতি কেজিতে ৪ দশমিক ২৫ মার্কিন ডলার। অর্থাৎ এক্ষেত্রে সুতার দাম বেড়েছে ৩৭ শতাংশ। তথ্যটি বিশ্লেষণ করলে তুলার মূল্যবৃদ্ধির বিপরীতে সুতার মূল্যবৃদ্ধির হার ১০ শতাংশ কম। সর্বোপরি সমিতির তথ্যানুযায়ী গত পাঁচ মাসে সুতার মূল্য গড়ে বৃদ্ধি হয়েছে ৫ সেন্টস করে।

সানবিডি/এনজে