বিজিএমইএতে পিআর অ্যান্ড মিডিয়া লাউঞ্জ স্থাপন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৭ ১৬:৪১:৫১
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিতে (বিজিএমইএ) তৈরি পোশাক খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য পিআর অ্যান্ড মিডিয়া লাউঞ্জ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিজিএমইএ গুলশান অফিসে যৌথভাবে এটির উদ্বোধন করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশের পোশাকশিল্প দেশি ও আন্তর্জাতিক উভয় অঙ্গনের সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাজনক স্থানে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। আর এই অর্জনের পেছনে এদেশের গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। আমরা আশা করি, সাংবাদিকরা শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ, বিশ্লেষণধর্মী এবং গঠনমূলক প্রতিবেদন তৈরি অব্যাহত রাখবেন।
তিনি বলেন, যে শিল্পটি লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে, সে শিল্প বিষয়ে প্রকৃত তথ্য উপস্থাপন ও সব বিভ্রান্তি দূর করে শিল্পের যথাযথ চিত্র তুলে ধরার জন্য আমরা গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি।
সাংবাদিকরা যেন তাদের প্রতিবেদনে পোশাক শিল্পের প্রকৃত তথ্য সংবলিত চিত্র তুলে ধরতে পারেন এবং শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন সে লক্ষ্যে শিল্প ও গণমাধ্যমের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলার জন্য এই পিআর ও মিডিয়া লাউঞ্জটি স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিএমইএর সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম ও পরিচালক মো. মহিউদ্দিন রুবেল।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














