বিকেএমই’র এজিএমে আর্থিক বিবরণী অনুমোদন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৮-২৯ ১৯:৪৮:৫৭


নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএতে ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষা করা হিসাব বিবরণী কোনো আপত্তি ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সমবায় ব্যাংক ভবনে বিকেএমইএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়।

এরআগে, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে ইজিএমে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ হাতেম, অমল পোদ্দার, মোরশেদ সারোয়ারসহ তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী সভাপতি নামে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে পরিচালক পদ ২৭ থেকে ৩৫-এ উন্নীত করার সিদ্ধান্তও চূড়ান্ত হয়। তা ছাড়া সহসভাপতির পদ চারটি থেকে বেড়ে হচ্ছে পাঁচটি।

বিকেএমইএ জানায়, ইজিএমে অনুমোদিত পরিচালক ও সহসভাপতির পদ বৃদ্ধি ও নির্বাহী সভাপতির পদ বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হলেই কার্যকর হবে।

ইজিএমের পরপরই রাত আটটায় বিকেএমইএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে গত ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষা করা হিসাব বিবরণী কোনো আপত্তি ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, তারেক আফজাল, রাজিব দাস প্রমুখ।

জানতে চাইলে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পরিচালকের পাশাপাশি সহসভাপতি ও নির্বাহী সভাপতি পদ বৃদ্ধি করায় সংগঠনের কাজে গতি আসবে।

২০২১-২৩ মেয়াদে বিকেএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৭ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। যদিও দীর্ঘদিন ধরেই সংগঠনটিতে সাধারণ সদস্যদের ভোটে নেতা নির্বাচন করা হচ্ছে না। ২০১০ সালের ২০ সেপ্টেম্বর থেকে বিকেএমইএর সভাপতির পদে আছেন সেলিম ওসমান। তিনি আবার নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদও।

এএ