ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: ২০১৬-০১-২৬ ১৯:২১:৩৬
ইজিবাইক সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত ফারাজী পলক (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খুলনার ফুলতলা উপজেলাধীন দামোদর ফারাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পলক ফারাজীপাড়ার আঃ সালামের জৈষ্ঠ্য পুত্র এবং স্থানীয় দামোদর এম এম হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, চাচা সেলিম ফারাজী অসুস্থ হওয়ায় তার মুরগীর ফার্মে খাবার দেয়ার জন্য পলক সকাল ১০টায় গোডাউনে যায়। সেখানে চার্জে রাখা ইজিবাইকের উপর বৈদ্যুতিক তার পড়ে। এ সময় পলক গাড়িটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে আসরবাদ ফারাজী পাড়া জামে মসজিদ চত্ত্বরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













