ফোনে আড়ি পাতা বন্ধে রিট খারিজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৯ ১৫:২১:৩০
ফোনে আড়ি পাতা ও ফোনালাপ ফাঁস বন্ধে নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে ব্যারিস্টার রেজা ই রাকিব।
গত ১০ আগস্ট ফোনে আড়ি পাতা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। রিটে ফোনালাপ ফাঁসের ২০টি ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম কুমার বনিকসহ ১০ আইনজীবীর পক্ষে এ রিটটি দায়ের করা হয়।
এই রিটে বিবাদীরা হলেন -ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ২২ জানুয়ারি ফোনে আড়ি পাতা বন্ধে রিটে উল্লেখিত বিবাদীদের সাত দিনের মধ্যে পদক্ষেপ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের ওই ১০ আইনজীবী।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














