চাহিদা বাড়ায় লাগামহীন বাড়ছে ডলারের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৯ ১৭:১৫:৩১
চাহিদা বৃদ্ধি পাওয়ায় লাগামহীনভাবে বাড়ছে মার্কিন ডলারের দাম। এতে করে টাকার মান হারাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেও দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না।
আজ বুধবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম আরও ১২ পয়সা বেড়ে ৮৫ টাকা ৪৭ পয়সায় দাঁড়িয়েছে। তবে খোলাবাজার ও নগদ মূল্যে ডলার আরও বেশি দামে ৮৮ থেকে ৮৯ টাকায় কেনাবেচা হচ্ছে।
এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, একদিকে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমছে। আবার প্রত্যাশা অনুযায়ী আসছে না রফতানি আয়। অন্যদিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশে আমদানি চাপ বেড়েছে। এর দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে। ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে করে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। তবে বাংলাদেশ ব্যাংকের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত মাসের শুরুতে (আগস্ট) হঠাৎ টাকার বিপরীতে বাড়তে শুরু করে ডলারের দাম। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেনের জন্য প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৪৭ পয়সা; যা এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য। গত ২ সেপ্টেম্বর এ দর ছিল ৮৫ টাকা ২০ পয়সা। আর গত মাসের শুরুতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এ হিসাবে ৩৮ কর্মদিবসের ব্যবধানে ডলারের বিপরীতে ৬৭ পয়সা দর হারিয়েছে টাকা। এর আগে ২০২০ সালের জুলাই থেকেই ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যখন বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেশি ছিল তখন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন সরবরাহ কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














