৩৪ শতাংশ জাহাজ ভেঙে শীর্ষে বাংলাদেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৪ ১৫:০৪:১৪


মহামারি করোনার ধাক্কা কাটিয়ে জাহাজ ভাঙায় ‍গতি ফিরেছে বাংলাদেশে। ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে ১৯৭টি জাহাজ ভাঙা হয়েছে চট্টগ্রামের সাগর উপকূলজুড়ে গড়ে ওঠা শিপইয়ার্ডে। বিশ্বে ওই সময়ে জাহাজ ভাঙা হয়েছে ৫৮২টি; সে হিসাবে ৩৪ শতাংশ জাহাজ ভাঙা হয়েছে চট্টগ্রামে। আর তালিকায় এবারও শীর্ষে উঠেছে বাংলাদেশ। গত বছর একই সময়ের হিসাবে বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থানে। ভারত ছিল প্রথম।

এ বছর দ্বিতীয় স্থানে থাকা ভারত জাহাজ ভেঙেছে প্রায় ২৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা পাকিস্তান ভেঙেছে প্রায় ১৫ শতাংশ। চতুর্থ স্থানে থাকা তুরস্ক জাহাজ ভেঙেছে সাড়ে ১১ শতাংশ। এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্ম প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসের সঙ্গে ২০২১ সালের একই সময়ের তুলনা করলে জাহাজ ভাঙা বেড়েছে ৯৯টি। শুধু তা-ই নয়, ২০২০ সালে বিশ্বের মোট জাহাজের ২৯ শতাংশ ভেঙেছিল বাংলাদেশ। ২০২১ সালে সেটি দাঁড়িয়েছে ৩৪ শতাংশে। যদিও ২০২০ সালেই করোনা মহামারির ধাক্কা শুরু হয় দেশে। এর ফলে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও জাহাজ ভাঙায় ধস নামে। কিন্তু ধাপে ধাপে সেই ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

সানবিডি/এনজে