হিলিতে ফের বাড়তির দিকে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৬ ১৪:০২:২৭
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের বেড়েছে পেঁয়াজের দাম। সোমাবার প্রতি কেজি পেঁয়াজের দাম ২ টাকা বাড়ে। পূজার পর থেকেই ভোগ্যপণ্যটির দাম কমছিল। তবে চারদিনের মধ্যে দুই দফা দাম বাড়ার ঘটনা ঘটেছে।
বন্দরিসংশ্লিষ্টরা বলছেন, কয়েক দফা দাম কমায় বিপাকে পড়েন আমদানিকারকরা। পেঁয়াজ আমদানি করে তাদের লোকসান হচ্ছিল। এ কারণে তারা আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে আবারো দেশীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় ভোগ্যপণ্যটির দাম বাড়তে শুরু করেছে।
এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, দুদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশীয় পেঁয়াজের দাম কম। তার ওপর বাজারে আমদানীকৃত পেঁয়াজের চাহিদা নেই বললেই চলে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছিল। এসব কারণে কম দামে পেঁয়াজ বেচে দিতে বাধ্য হচ্ছিলেন আমদানিকারকরা। লোকসান হওয়ায় তারা বর্তমানে আমদানি কমিয়ে দিয়েছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














