বন্ধ পাটকলগুলো রাষ্ট্রীয় মালিকানায় চালুর দাবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০১ ১৮:০৭:৫৬
দেশের সকল বন্ধ পাটকল লিজ বা ব্যক্তিমালিকানায় নায়, রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়নের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এছাড়া ৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনা ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী এবং শ্রমিকদের অন্যান্য বকেয়া অবিলম্বে পরিশোধের দাবি জানানো হয়।
পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র সভাপতি শহীদুল্লাহ্ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ প্রমুখ।
এই সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনগণের অর্থে পরিচালিত জাতীয় সম্পদ পাটকল ও চিনিকলসহ সকল রাষ্ট্রীয় কারখানা গত ৫০ বছরে ক্ষমতায় থাকা সকল পুঁজিবাদী দলগুলোর নেতৃত্বে লুটপাট চালিয়ে ধ্বংস করা হয়েছে। আবার লোকসানি খাত দেখিয়ে সেগুলির সম্পদ পানির দামে ব্যক্তিমালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত। সরকার পাটকলে গত ৪৪ বছরে সাড়ে ১০হাজার কোটি টাকা লোকসান হওয়ার কথা বলেছে। অথচ প্রতি বছর এর প্রায় দশগুণ টাকা বিদেশে পাচার হয়। তাই জাতীয় সম্পদ রক্ষায় গণতান্ত্রিক দেশপ্রমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে।
এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, পাটকল বন্ধ করা হয়েছে ১৬ মাস আগে। অথচ এখনো সকল শ্রমিক তাদের বকেয়া পাওনা পায়নি। অবিলম্বে তাদের সকল বকেয়া পাওনা ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














