ধান-চালের অবৈধ মজুতের তথ্য দেওয়ার নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৭ ১৯:৩৭:২৭
মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের আগামী ৭ জানুয়ারির মধ্যে ধান-চালের অবৈধ মজুতের তথ্য দিতে হবে। এরপর এই তথ্য অনুযায়ী মজুতদারদের বিরুদ্ধে অভিযানে নামবে সরকার।
চালের দামের ঊর্ধ্বগতির মধ্যে সোমবার (২৭ ডিসেম্বর) সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি ভার্চুয়াল সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই নির্দেশনা দেন।
এই সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা এ তথ্য জানান। তবে তারা নাম প্রকাশ করেননি।
মন্ত্রী বলেন, ‘আগামী ৭ জানুয়ারির মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) তার জেলায় কারা ধান চালের ব্যবসা করছে তা খতিয়ে দেখতে হবে। এরমধ্যে কারা অবৈধভাবে ধান-চালের মজুত করছেন তা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকে (আরসি ফুড) জানাতে হবে। কেউ মজুত না করলে সেটাও জানাতে হবে যে, তার জেলায় কেউ খাদ্য মজুত করছে না।’
‘সেই মজুতদারদের তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। তবে কোনো জায়গায় মজুত করছে না বলে প্রতিবেদন দেওয়ার পর, সেখানে মজুত পাওয়া গেলে, সেই কর্মকর্তাকে ধরা হবে’ বলেন মন্ত্রী।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে চালের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা ভার্চুয়ালি হয়।
সভায় খাদ্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ চালকল মালিক, চাল আমদানিকারক, চাল ব্যবসায়ীরা যুক্ত ছিলেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














