গার্মেন্টস এক্সেসরিজের কার্টনে ৯৬ সোনার বার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৭:৩৭:৩৪


চীন থেকে পোশাক খাতের যন্ত্রাংশ আমদানির আড়ালে সোনা চোরাচালানের একটি চেষ্টা ধরা পড়েছে। ১১ কেজি ওপনের ৯৬টি স্বর্ণের বার এয়ারফ্রেইট থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে এই পাচারে কারা জড়িত, সেটি জানা যায়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি।

তবে যে কোম্পানির নামে এই পণ্যগুলো আমদানি করা হয়েছে, তাদেরকেই এর জন্য জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের বিরুদ্ধেই হবে মামলা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চীন থেকে গার্মেন্টস এক্সেসরিজের আড়ালে অবৈধভাবে আমদানির সময় ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা প্রায় আট কোটি টাকা মুল্যের ১১ কেজি (৯৬ টি বার) জব্দ করেছে।’

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও এতে জড়িতদেরকে শনাক্ত করা কঠিন হবে না বলে মনে করেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘গার্মেন্টস এক্সেসরিজ কুরিয়ারে এসেছে তাই কাউকে আটক করা যায় নাই। তবে যারা গার্মেন্টস এক্সেসরিজ যার নামে এসেছে, তাকে ট্রেস করতে পারব এবং মামলা করব।’

সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।

এএ