অর্থ ফেরত পাচ্ছেন আরো চার ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহক
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০২ ২১:১০:৫৩
ই-কমার্স খাতের ক্রেতাদের আগাম পরিশোধ করা অর্থ ফেরত দিবে আরো চারটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে থলে ডটকম, আনন্দের বাজার, উইকম ডটকম ও বাংলাদেশ ডিল। পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে পড়া গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩ মার্চ) এসব প্রতিষ্ঠানের নামে পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে যে অর্থ আটকে আছে তার কিছু অংশ ফেরত দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান ও অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান এ প্রসঙ্গে জানান, বৃহস্পতিবার এই চার প্রতিষ্ঠানের গ্রাহকদের আটকে পড়া টাকা দেওয়া শুরু করা হবে।
এসব প্রতিষ্ঠান ক্রেতাদের থেকে আগাম টাকা নিয়ে পণ্য সরবরাহ করেনি। হাজার হাজার ক্রেতার কোটি কোটি টাকা আটকে গেছে এসব প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের থেকে নেওয়া টাকা কী করেছে তার হদিস পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে থাকা টাকা সংশ্লিষ্ট গ্রাহককে ফেরত দিতে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে গ্রাহকরা যে টাকা আগাম পরিশোধ করেছেন তার মধ্যে প্রায় ২১৪ কোটি টাকা কয়েকটি পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে আছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে থাকা টাকার মধ্যে থলের গ্রাহকদের ১ কোটি টাকা, উইকমের ৯ লাখ ৫০ হাজার টাকা, আনন্দের বাজারের ৩৬ লাখ টাকা এবং বাংলাদেশ ডিলের ২২ লাখ টাকার তথ্য পাওয়া গেছে।
২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে কিউকমে আটকে থাকা ২০ জন গ্রাহকের টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়। পরে ধাপে ধাপে অন্য গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করা হবে। প্রেমেন্ট গেটওয়েতে প্রতিষ্ঠানটির ৩৯৭ কোটি টাকা আটকা রয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














