ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়ালো জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-০৩ ১৫:৩৪:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম।দফায় দফায় দাম বেড়ে এরইমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১ বছরের মধ্যে পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। এছাড়া ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯ বছরের মধ্যে সর্বোচ্চ এবং হিটিং অয়েল বিগত ১৪ বছরের মধ্যে উঠেছে সর্বোচ্চ দামে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, নতুন বছর ২০২২ সালের শুরু থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।
জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। এরইমধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পালে জোর হাওয়া লাগে। এর ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম বেড়েছে ৫ দশমিক ৬৪ ডলার বা ৫ দশমিক শূণ্য ৯ শতাংশ। এতে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১৬ দশমিক ১৮ ডলারে উঠেছে। যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।
অপরদিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ৫ দশমিক ৬৫ ডলার বা ৫ দশমিক শূণ্য ১ শতাংশ। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম উঠেছে ১১৮ দশমিক ৫৯ ডলার। যা ২০১৩ সালের পর বা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
আর প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম দশমিক ২৭ ডলার বা ৭ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৩ দশমিক ৭৭ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠেছে হিটিং অয়েল।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














