বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৬ ১৪:৪৫:০১


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খণ্ডে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। তিনি মাদক চোরাকারবারি বলে জানা গেছে।  শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লিটন বিশ্বাসের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারি ভারত ভূ-খণ্ড থেকে মাদক পাচার করছিল। এসময় ১৫১-৬ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে ১৪১ বিএসএফ কমান্ডেন্টের অধিনস্থ মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হলে অপর মাদক চোরাকারবারিরা বাংলাদেশ ভূ-খণ্ডে পালিয়ে আসে। পরে বিএসএফ লিটন বিশ্বাসের লাশ উদ্ধার করে ভারতের পশ্চিমবঙ্গের হোগলবাড়িয়া থানায় সোপর্দ করে।

বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত হওয়ার বিষয়ে ১৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি কম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, এ ঘটনার বিস্তারিত জানা যায়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।

তবে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বিএসএফের গুলিতে লিটন নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। লাশ ফেরতের বিষয়ে বিজিবির কাছে বিএসএফ কোনো পত্র দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

সানবিডি/এনজে