হিলিতে কেজিতে ৪ টাকা কমল পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৩-০৮ ০৯:৩১:৩৩


দেশে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে পেঁয়াজের দামে। আমদানি বাড়ায় মাত্র একদিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪ টাকা। সামনের দিনে দাম আরো কমতে পারে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে , বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এ দুই জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে আমদানি কিছুটা বাড়ায় দাম কমতে শুরু করেছে। একদিন আগেও যে নাসিক জাতের পেঁয়াজ ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, বর্তমানে তা কমে ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইন্দোর জাতের পেঁয়াজ ৩৫-৩৬ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের মূল্য নিশ্চিতে সরকার গত ডিসেম্বর থেকে পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) দেয়া বন্ধ করে রেখেছে। আগের আইপির মাধ্যমে পেঁয়াজ আমদানি অব্যাহত। বর্তমানে এসব আইপি শেষের দিকে। প্রতি বছর রমজানকে সামনে রেখে দেশে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে বলে সবজিটির দাম বাড়ে।

সানবিডি/এনজে