আলুর দাম কেজিতে বেড়েছে ৫-১০ টাকা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১০ ০৯:২৬:৫৫
চাল, ডাল, তেলের দাম বেড়েছে আগেই। এবার সেই পথেই হাটা শুরু করেছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে কেজি প্রতি সাদা আলুর দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর লাল আলুর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
আড়তদাররা বলছেন, ক্ষেত থেকে আলু তোলার সময়ে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে। এ কারণে আলু পচে গেছে। ফলে চাহিদা অনুসারে সরবরাহ কমেছে। এতে আলুর দাম বাড়তে শুরু করেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, সব জিনিসের দাম বাড়ছে, আলুর উপরও এর প্রভাব পড়েছে। আমরা পাইকারি বাজার থেকে বেশি দাম কিনে আনি, তাই বেশি দামে বিক্রি করছি।
রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর আর মিরপুরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে সাদা আলু বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা কেজিতে। আর লাল আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজিতে। এর আগের সপ্তাহে সাদা আলু বিক্রি হয়েছিল ১৫ টাকা কেজিতে। আর লাল আলু বিক্রি হয়েছিল ২০ টাকা কেজিতে। অর্থাৎ সাদা আলু কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর লাল আলুর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
শ্যামলী বাজারের ক্রেতা শাওন বলেন, বাজারে আলুর দামটা একটু কম ছিল। এখন সেটাও বাড়ছে, এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে আমাদের অবস্থা কি হবে সেটা ভাবছি। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা কম দামে আলু কিনে নিয়েছে, এখন মাঠে আর আলু নেই। এই সুযোগে সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম বাড়াচ্ছে।
বাজারের খুচরা ব্যবসায়ী জাকারিয়া বলেন, এতোদিন পানির দামে আলু বিক্রি করেছি। গত এক সপ্তাহ ধরে আলুর দাম বাড়তে শুরু করেছে। এখন দিন যত যাবে, আলু দাম ততই বাড়বে। কারণ শীতকালীন সবজি এখন শেষ।
কৃষি মন্ত্রণালয়ের মতে, দেশে আলুর চাহিদা বছরে ৮০ থেকে ৯০ হাজার টন। ২০২১ সালে উৎপাদন হয়েছে ১ কোটি ৬ লাখ টন। এ বছর ৪ লাখ ৮৭ হাজার হেক্টর জমি থেকে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬ লাখ ৫১ হাজার টন। ২০২০ সালে দেশে ৯৫ লাখ টন আলু উৎপাদিত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














