কুমিল্লায় বাসচাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১০ ১৬:২৯:১৬


কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় দিদার হোসেন (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরাবাজার মদিনা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিদার হোসেন জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির করিমাবাদ এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দিদার হোসেন ময়নামতির নাজিরাবাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে ক্যান্টনমেন্ট মার্কেটের দিকে আসছিলেন। এ সময় নাজিরাবাজার ইউটার্নে যাত্রীবাহী তিশা পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এ সময়  স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

সানবিডি/এনজে