পাওয়ার টিলারের ধাক্কায় বাবা নিহত, আহত ছেলে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১০ ১৭:২৩:১৭
ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের ধাক্কায় নূরুল ইসলাম (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়া সড়কের দুরামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরল ইসলাম পৌর শহরের কালিবাড়ি এলাকার মৃত হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নূরল ইসলামের ছেলে নাবিল ইসলাম।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে নূরল ইসলাম ও তার ছেলে নাবিল মোটরসাইকেলে করে রুহিয়ায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। পথে রুহিয়া সড়কের দুরামারি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নূরল ইসলাম নিহত হন। এতে আহত হন তার ছেলে নাবিল।
খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পর পাওয়ার টিলারের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতিও চলছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













