দুবাই থেকে পূর্বাচল সিবিডি প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১১ ১৯:০৯:৪৪
দুবাইতে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিক ফোরাম ২০২২-এ আনুষ্ঠানিকভাবে দৃষ্টিনন্দন পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) প্রকল্প চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুবাইয়ের একটি উন্নত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির ব্যক্তিগত কার্যালয়ের চেয়ারম্যান থমাস জালেস্কি উপস্থিত ছিলেন।
পূর্বাচলে সব আধুনিক সুযোগ-সুবিধা এবং অত্যাধুনিক প্রযুক্তিসহ হাই-এন্ড ইন্টিগ্রেটেড রিয়েল এস্টেট প্রকল্পের আওতায় সিকদার গ্রুপ উন্নয়নের কাজ হাতে নিয়েছে।
প্রধানমন্ত্রীর বাংলাদেশকে “বিশ্বব্যাপী সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র” হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্নের সঙ্গে প্রকল্পটি সরাসরি সম্পৃক্ত।
এ মেগা প্রকল্পের সাইটটি পূর্বাচলের নিউ টাউনে ১১৪ একর জমি জুড়ে ছড়িয়ে রয়েছে। সিকদার গ্রুপের অধীনে পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড প্রকল্পের কাজ সম্পন্ন করবে।
এ প্রকল্পের মূল আকর্ষণ হবে তিনটি দৃষ্টিনন্দন টাওয়ার- ল্যাঙ্গুয়েজ টাওয়ার, লিবারেশন টাওয়ার ও লিগ্যাসি টাওয়ার। টাওয়ার তিনটি স্থানীয় ও অনাবাসী বাংলাদেশীদের যাবতীয় উচ্চমানের চাহিদা মেটাবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী কর্পোরেশনগুলির চাহিদা পুরণে উচ্চমানের রিয়েল এস্টেট স্পেসও আয়োজন করবে টাওয়ারগুলো।
পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড এবং জাপানি সংস্থা কাজিমা কর্পোরেশনের সঙ্গে সিবিডি বিষয়ক চুক্তি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বিশ্বমানের সুযোগ-সুবিধাসহ পূর্বাচল সিবিডি একটি বৈশ্বিক ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে প্রস্তুত।
পাওয়ারপ্যাক হোল্ডিংস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প চালু হওয়ার সঙ্গে সঙ্গে এটির চলমান উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য প্রভাব পড়বে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














