কৃষিমন্ত্রী এবং এফএওর  ডিজির মৎস্য, পোল্ট্রি খামার ও বোরো ক্ষেত পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১২ ২৩:৫৭:৪১


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শন করেন। একইসাথে তাঁরা খামারি ও চাষিদের সাথে মতবিনিময় করেন।

শনিবার (১২ মার্চ) অনিষ্ঠত এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী  চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএওর এডিজি জং-জিন কিম, এপিআরসি কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরী, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, গাজীপুরের জেলা প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এফএওর ডিজি চাষিদের সাথে কথা বলেন ও সমস্যার কথা শুনেন। বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশী সাহায্য আনার ব্যাপারে এফএও  সহায়তা করবে বলে জানান তিনি।

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণা করে ডিজি বলেন, আমার জন্ম চীনের গ্রামে। ছোটোবেলায় আমিও প্রায় এরকম গ্রামেই বেড়ে উঠেছি। আমি আশা করি, আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সকল কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

এনবিআর যাতে পোলট্রি,  ফিস ও ডেইরি শিল্পকে শিল্পখাতের স্থলে  কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে- সে বিষয়ে কাজ চলছে বলে এসময় জানান মন্ত্রী।

এসএ/এনজে