বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৩ ১৬:০৪:৫৪


গোপালগঞ্জের কোটালীপাড়ায় মালবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

রোববার (১৩ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে আসা পয়সারহাটগামী ট্রাকটি বেইলি ব্রিজে উঠতেই স্টিলের পাত ভেঙে গিয়ে পিছনের চাকা খাদে পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পয়সারহাট ও শশীকর গ্রামসহ উত্তর কোটালীপাড়ার বাসিন্দারা।

ওই সড়ক দিয়ে চলাচলরত সালাম খান নামের এক ব্যক্তি বলেন, ট্রাক বেইলি ব্রিজের উপর উঠতেই ভেঙে যায়।  সেখানে ট্রাকটি আটকে থাকায় যান চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে পার হওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। দ্রুত ট্রাকটি সরিয়ে সম্পূর্ণ মেরামত করার দাবী জানিয়েছেন তারা।