টঙ্গী রেললাইন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৩ ১৭:২০:১৮
গাজীপুরে টঙ্গীর রেললাইন থেকে আজাহারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে টঙ্গী রেলওয়ে ফাঁড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহারুল ইসলাম টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আগদেউলি গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গী বনমালা রেলগেট এলাকায় বসবাস করত বলে জানা গেছে।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, সকাল ৭টার দিকে ওই এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাহারুল ইসলাম। এ সময় খুলনা থেকে ঢাকাগামী ৭২৫নং আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
রেললাইনের মাঝে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আবেদনের পরিপ্রেক্ষিতে তার স্বজনদের নিকট হস্তান্তর করেছে বলেও জানান তিনি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













