নওগাঁর ট্রিপল খুন: ৯ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৩-১৪ ১৬:২২:২৯


নওগাঁর বদলগাছীতে তিন খুনের মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন।

মৃত্যু-দণ্ডপ্রাপ্তরা হলেন, বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, হাসেম আলী। তিনি বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

খালাস মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক মাহমুদুল হাসানা বলেন, সামান্য বিষয় থেকে এই ধরনের হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সমাজে একটা বার্তা দেওয়া উচিত।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোজাহার হোসেন ও আব্দুল্লাহেল বাকী। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।