তেঁতুল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৪ ১৫:৪৭:৩৮


মুন্সিগঞ্জ সদর উপজেলায় তেঁতুল গাছ থেকে মো. মোজাম্মেল (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কাতলাপাড়া এলাকায় নির্জন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

মোজাম্মেল উপজেলার মিরকাদিম পৌরসভার কালন্দিপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি একই পৌরসভার নূরপুর এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলেন।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাতলাপাড়া এলাকার একটি নির্জন বাগানের তেঁতুল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর সঙ্গে কলহ কিংবা ব্যক্তিগত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।