পোল্ট্রি খাদ্যের দাম বাড়ায় বিপাকে খামারিরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৪ ১৯:৫৯:১১


দেশে পোল্ট্রি খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নওগাঁর পত্নীতলার খামারিরা। খাবারের দাম বেড়ে গেলেও বাড়েনি মুরগির দাম। তাই লোকসান গুনতে হচ্ছে তাদের। পোল্ট্রি শিল্প রক্ষায় দ্রুত খাবারের দাম কমিয়ে আনার দাবি জানিয়েছেন এখানকার ৪০০ খামারি। তারা বলছেন ৫০ কেজি বস্তার ফিড বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। গত ৬ মাসে প্রতি বস্তায় দাম বেড়েছে ২৭৫ টাকা।

খামার ব্যবসায়ীরা বলেছেন, গত ছয় মাসেই খাদ্যের দাম প্রতি বস্তায় প্রায় ২২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রতিদিন ১৮ হাজার টাকার মতো খরচ হয়; কিন্তু এই টাকা আমরা তুলতে পারি না। এ ছাড়া মুরগির জন্য যে ভ্যাকসিন দরকার সেগুলো উপজেলা প্রাণিসম্পদ কেন্দ্রে গেলে আমরা পাই না। কোম্পানি থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়।

পত্নীতলা খামার সমিতির সভাপতি রথীন্দ্রনাথ মণ্ডল বলেন, দ্রুত খাদ্যের দাম কমানো না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। গত বছর আমরা অনেকেই পুঁজি হারিয়ে ফেলেছি। এবারও আমাদের যতটুকু পুঁজি ছিল সবটুকু হারিয়ে ফেললে আমরা পথে বসব। সরকারের কাছে আকুল আবেদন পোল্ট্রি শিল্প রক্ষায় আমাদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য।

খাদ্যের দাম হঠাৎ বৃদ্ধির বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে খাদ্যের দাম বেড়েছে। এটা জাতীয় সমস্যা। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। এছাড়া গো-খাদ্যের বিকল্প হিসেবে ঘাস চাষে খামারিদের সহযোগিতা করছি।

সানবিডি/এনজে