৫০ যুগলকে ফুল দিয়ে মিলিয়ে দিল আদালত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৫ ১৬:৪৬:৫১


সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক মামলার রায়ে ৫০ পরিবারকে আপস মীমাংসার মাধ্যমে মিলিয়ে দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন। এ সময় সব মামলার বাদী-বিবাদী, তাদের আইনজীবী ও পরিবারের লোকজনসহ সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাডভোকেট নান্টু রায় আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের সহকারী পিপি নান্টু রায় বলেন, ‘যৌতুকসহ নানা অজুহাতে নির্যাতিত হয়ে স্বামীর ঘর থেকে বের হওয়া ৫০ নারীকে সন্তান ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আবারও সংসার করার ব্যবস্থা করে দিয়েছে আদালত। এমন রায়ে মামলার জট কমছে এবং সংসার ভাঙার হাত থেকে রক্ষা পেল কয়েকটি পরিবার।’

রায় ঘোষণার পর আদালতের পক্ষ থেকে ৫০ দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়।