কাপড় ব্যবসার ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৫ ১৭:৩০:১৪


নওগাঁর মান্দায় ভ্যানে বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাবাই হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দার শিমুলিয়া পূর্বপাড়া গ্রামের ৬০ বছর বয়সী আব্দুস সাত্তার ও একই গ্রামের ৪৫ বছর বয়সী খোরশেদ সরদার।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাত্তার একজন কাপড় ব্যবসায়ী। তিনি সাবাই হাট এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে সাত্তার ও ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ ছিটকে রাস্তায় পড়েন।

ঘটনাস্থলেই সাত্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় খোরশেদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর দেড়টার দিকে মৃত্যু হয়।

ওসি বলেন, ‘চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করেছে। মরদেহ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’