মাদক না পেয়ে স্ট্রোক করে কয়েদির মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-১৮ ১৫:০৫:৩১
নাটোরে জেলা কারাগারে স্ট্রোক করে ওসমান শেখ (৩৩) নামের মাদক মামলার বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে ওই কয়েদি অসুস্থ হয়ে পরলে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে। ।
নাটোর কারাগার সূত্রে জানা গেছে, ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। গত রাত সোয়া ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জেল সুপার আব্দুর রহিম জানান, কয়েদি ওসমান গণি হেরোইন সেবী ছিল। তাকে কারাগারে আনার পর থেকে নেশার জন্য ছটফট করছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সে স্ট্রোক করে। অসুস্থ অবস্থায় রাতে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













