হেফাজতের মুফতি ইজহারের ২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২০ ১৫:১০:৩৫


হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুদকের নোটিশে সম্পদের হিসাব দাখিল না করায় আদালত এই রায় দেয়।

রোববার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মুফতি ইজহারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ (লাভলু) রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের নোটিশে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মুফতি ইজহারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক মুফতি ইজহারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার অভিযোগ গঠন, পরবর্তী ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত আজ (রোববার) রায় ঘোষণা করেন।

উল্লেখ্য মুফতি মো. ইজহারুল ইসলাম হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির এবং চট্টগ্রাম আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসা লালখান বাজারের প্রিন্সিপাল।