আখাউড়া স্থলবন্দরে ৮ মাস পর পেঁয়াজ আমদানি শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৫:২৫:৩৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আসন্ন রমজানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ রোববার বিকাল পর্যন্ত এ বন্দর দিয়ে চারটি ট্রাকে ৬০ টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে। রাতেই বাংলাদেশি একাধিক ট্রাকে করে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে নিয়ে যাওয়া হয়। এ পথে আরও ১৪০ টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
প্রতি টন পেঁয়াজ ৩১০ ডলারে শুল্কায়ন করা হয়েছে। প্রথম দফায় ৬০ টন পেঁয়াজ আমদানিতে দেড় লাখের বেশি সরকার রাজস্ব পেয়েছে।
এদিকে দীর্ঘ আট মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।
পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দরের সোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় রোজাকে সামনে রেখে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক সপ্তাহ পর পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ওই ব্যবসায়ী।
তিনি আরও বলেন, প্রথম দফায় চারটি ভারতীয় ট্রাকে করে ১২৯০টি বস্তায় ৬০ টন ৬০০ কেজি পেঁয়াজ বাংলাদেশে আনা হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ওই পেঁয়াজ ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনে আনা হয়।
পরে ট্রেন থেকে আনলোড করে ট্রাকে আগরতলা বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ভারতীয় ট্রাক বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে আনা হয়।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের উপসহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, রোববার বিকাল পর্যন্ত মোট চারটি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেছে। এতে ১২৯০ বস্তায় ছয় হাজার কেজি পেঁয়াজ রয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













