ট্রাকচাপায় সাবেক সেনা কর্মকর্তা নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৮:৫৪:০৬
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাকের চাপায় মোক্তার হোসেন (৫০) নামে এক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীনগর-দোহার সড়কের কামারগাও পাকা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোক্তার হোসেন ভাগ্যকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়ির রাজ্জাক বেপারীর ছেলে। গত বছর সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসর নেন তিনি।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরের ছেলেকে খাবার দেওয়ার জন্য মোটরসাইকেলে উত্তর কামারগাঁও বায়তুন নুর হাফিজিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন মোক্তার। এ সময় দোহার থেকে শ্রীনগরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













